পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে প্রায় ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
তিনি বলেন, পরিবেশ দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর। বিশেষ করে সার্বক্ষণিক ঘরের বাইরে কাজ করা মানুষ মারাত্মক বায়ুদূষণের শিকার হচ্ছেন।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আরবান রেজিমস অব ডিসপোজেশন ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আন্ডারস্ট্যান্ডিং আরবান ডিসপোজেশন ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের অংশ হিসেবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিপন কুমার মণ্ডল এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডেভিড এল. ব্রানসমা গ্রন্থটি সম্পাদনা করেছেন। বাংলার পাঠশালা ফাউন্ডেশন ও জার্মান সংগঠন ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক আবদুস সালাম বলেন, বিভিন্ন শহরে বিদ্যমান সামাজিক সমস্যা ও বৈষম্য নিয়ে গ্রন্থটি সম্পাদনার জন্য সম্পাদকদের ধন্যবাদ জানাই। বইটিতে জমি ও বাসস্থান হারানোর পাশাপাশি নাগরিকত্ব, জীবিকা, মর্যাদা এবং বসবাসের অধিকার থেকে বঞ্চিত মানুষের বাস্তবতা তুলে ধরা হয়েছে। বিশ্বের সাতটি দেশের বিভিন্ন শহরের দারিদ্র্যের চিত্রও এতে স্থান পেয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বইটি অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে সামাজিক অসমতা দূরীকরণের বিষয়ে বইটিতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম প্রধান দূষিত শহর। বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে প্রায় ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়। বিশেষ করে সার্বক্ষণিক ঘরের বাইরে কাজে নিয়োজিত মানুষ মারাত্মক বায়ুদূষণের শিকার হচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস। স্বাগত বক্তব্য দেন সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী।

