Logo
Logo
×
   

ক্যাম্পাস

ঢাবিতে ‘কালো দিবস’ আজ: কী হয়েছিল সেদিন?

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

ঢাবিতে ‘কালো দিবস’ আজ: কী হয়েছিল সেদিন?

ফাইল ছবি

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত নির্যাতন, হামলা ও দমন-পীড়নের স্মরণে আজ ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০০৮ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া দিবসটি উপলক্ষে বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

২০০৭ সালের ২০–২৩ আগস্টে কী ঘটেছিল

২০০৭ সালের ২০ আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম সেনাসদস্যদের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং সেনাসদস্যদের ক্ষমা প্রার্থনা, ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার ও দায়ীদের শাস্তির দাবি জানান।

পরদিন ২১ আগস্ট আন্দোলন আরও তীব্র হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর নীলক্ষেত, টিএসসি ও কার্জন হল এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং শত শত শিক্ষার্থী আহত হন। আন্দোলনের মুখে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে তাদের ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয়।

২২ আগস্ট আন্দোলন ঢাকা ছাড়িয়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। রাজশাহীতে পুলিশের গুলিতে রিকশাচালক আনোয়ার নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে এবং ঢাবির আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

২৩ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদকে আটক করা হয়। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। পরে ঢাবির আরও দুই শিক্ষক ও পাঁচ ছাত্রনেতাকেও গ্রেফতার করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়।

৬৬ দিন পর খুলেছিল ক্যাম্পাস

টানা ৬৬ দিন বন্ধ থাকার পর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হয়। এ সময় প্রগতিশীল ছাত্রসংগঠন ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম গ্রেফতার ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সেনা-সমর্থিত সরকার আটক ছাত্র-শিক্ষক ও নেতাকর্মীদের মুক্তি দিতে বাধ্য হয়।

সেই অগ্নিঝরা আগস্টের স্মৃতিকে ধারণ করেই ২০০৮ সাল থেকে প্রতি বছর ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করে আসছে বিশ্ববিদ্যালয় পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম