Logo
Logo
×
   

Advertisement

ক্যাম্পাস

চুয়েটে আন্দোলনের মধ্যেই যেভাবে যোগদান করলেন নতুন উপাচার্য

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

চুয়েটে আন্দোলনের মধ্যেই যেভাবে যোগদান করলেন নতুন উপাচার্য

চুয়েটে আন্দোলনের মধ্যেই যোগদান করলেন নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এ সময় ‘সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার চুয়েটের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়েটের সব আবাসিক হল থেকে প্রায় ৫০০ মশাল নিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারের বেশি শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে তারা ‘তোমার ভিসি, আমার ভিসি; সায়েম স্যার, সায়েম স্যার’, ‘এক দফা এক দাবি, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখা প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর প্রতিবাদের অংশ হিসেবে বাস্কেটবল মাঠে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। মোমবাতি দিয়ে সেখানে ‘৫৬’ সংখ্যা ফুটিয়ে তোলেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আঁধারে সবার হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আন্দোলনের সুদৃঢ় ঐক্য প্রদর্শন করে। সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার গত ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করাটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি, সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবারের কর্মসূচিও ঘোষণা করেছেন। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ র‍্যালি এবং বিকালে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করবেন তারা।

অন্যদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, আমি যোগদান করেছি। আমার যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষাসচিব যোগদানপত্র পেয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তিন দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম