Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

Advertisement

Icon

খুবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

ছবি: যুগান্তর

Advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের খাজা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজল নামের এক ব্যক্তি ফেসবুকে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেন। একই সঙ্গে তিনি নিজেকে বিএল কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। পোস্টটির সত্যতা ও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে খাজা গেট এলাকায় ডেকে আনেন।

ঘটনার বিবরণ দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিনুল হক আবির বলেন, অভিযুক্ত সজলকে যখন প্রাথমিকভাবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল, তখন স্থানীয় কিছু ব্যক্তি এসে বাধা দেন। তারা নিজেদের বিএনপি, স্বেচ্ছাসেবক দল বা স্থানীয় ট্রাকস্ট্যান্ডের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরবর্তীতে বিতর্কিত পোস্টটি তাদের সামনে পড়ে শোনানো হলে স্থানীয়রাই ওই যুবককে মারধর শুরু করেন।

তিনি বলেন, পোস্টটি যেহেতু বিশ্ববিদ্যালয়সংক্রান্ত ছিল, তাই আমাদের মূল দাবি ছিল বিষয়টির সুরাহা যেন বাইরের কেউ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরা তাকে উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের গেটের অভ্যন্তরে নিয়ে আসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে খবর দেই।

এ বিষয়ে আর্কিটেকচার ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ রাতুল বলেন, ফেসবুক পোস্টের ঘটনা নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে গেলে সেখানে স্থানীয় দুই-তিনজন মুরুব্বি উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের খাজা গেটে আসতে বলা হলে অভিযুক্ত যুবকসহ তারা এখানে আসেন। খাজা গেটে বসার পর কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে থাকা দুজন হুট করে উঠে ওই যুবককে মারধর শুরু করেন।

তিনি আরও বলেন, এ সময় শিক্ষার্থীরা তাদের থামানোর চেষ্টা করে এবং যুবককে ক্যাম্পাসের গেটের ভেতরে নিয়ে আসার চেষ্টা করে। তখন বাইরে থাকা কয়েকজন বহিরাগত এসে গেটে ধাক্কাধাক্কি শুরু করেন এবং জোরপূর্বক গেট সামান্য ফাঁকা করে যুবকটিকে টেনে বের করে নিয়ে যান। পরে দৌড়ে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় গিয়ে তাকে পুনরায় ধরে এনে ডিএসএর কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের দাবি, সজলের সঙ্গে কথা বলার একপর্যায়ে তার মোবাইল ফোনে মাদকসংক্রান্ত কথোপকথন ও বার্তার তথ্য পাওয়া যায়। একই সময়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা বাবু, মনিরুজ্জামান লেলিন ও রহিমের নেতৃত্বে পরে সেখানে বাইরের কিছু লোকজনকে নিয়ে আসা হয়। ওই ব্যক্তিকে মারধর করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে এনে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান।

একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে আসা লোকজন শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে এবং তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য লোকজন জড়ো করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন সরে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া সজলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ইতোমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছি। মসজিদে মাইকিং করে এ ধরনের ঘোষণা কারা দিয়েছে এবং কারা এর পেছনে দায়ী, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি ইকবাল হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে আলোচনা করে সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে

নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে

আরও পড়ুন

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

উপাচার্যকে পুনর্বহাল দাবি চুয়েটে ছুটির দিনেও বিক্ষোভ শিক্ষার্থীদের

চুয়েটে ছুটির দিনেও বিক্ষোভ শিক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম