Logo
Logo
×
   

সারাদেশ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নওগাঁর পোরশা উপজেলায় আমবাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশারপাড়া এলাকায় একটি আমবাগান থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু সুমাইয়া আখতার উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পোরশা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের মক্তবে আরবি পড়ে এসে সকালের খাবার খায় সুমাইয়া। এরপর প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার কথা বলে সুমাইয়া বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুরে কুশারপাড়া গ্রামের উত্তরে একটি আমবাগানে সুমাইয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা। এ সময় সুমায়ার দুই হাত গলার সঙ্গে বাঁধা ছিল। পরে খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল এই ঘটনার তদন্ত করেছে। ইতোমধ্যে সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .