শেরপুরের গুদামে ৩০ কেজি ওজনের ৩৮০ বস্তা সরকারি চাল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের শ্রীবরদীতে একটি গুদামে ৩০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদি মহল্লায় মেসার্স রুহুল রাইস মিলের গুদামে সংরক্ষণের জন্য ট্রলিতে করে ওই ৩৮০ বস্তা চাল আনা হলে স্থানীয়রা চালগুলো আটক করে।
পরে খবর পেয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিতে লোড করা ওই চালের বস্তা জব্দ করে। পরে জব্দকৃত ওই চালের বস্তাগুলো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের এর জিম্মায় রাখা হয়। পরে মেসার্স রুহুল রাইস মিলের গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জব্দকৃত চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০-কেজি, উৎপাদন-আগস্ট/২০২৪ লেখা রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান জানান, চালের মালিক এখনো পাওয়া যায়নি। চালগুলোর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
