Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কের পাশে প্রসব, নবজাতককে অন্যের কাছে দিয়ে চলে গেলেন নারী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

সড়কের পাশে প্রসব, নবজাতককে অন্যের কাছে দিয়ে চলে গেলেন নারী

অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব ব্যথা উঠার পর গ্রামীণ বাজারে সড়কের পাশেই জন্ম নেয় এক ফুটফুটে ছেলে শিশু। ছবি: সংগৃহীত

Advertisement

অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব ব্যথা উঠার পর গ্রামীণ বাজারে সড়কের পাশেই জন্ম নেয় এক ফুটফুটে ছেলে শিশু। স্থানীয়রা নবজাতক ও তার মাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে আশ্রয় দেন। সেবাযত্ন শেষে ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি কোনো নাম–ঠিকানা জানাননি। পরে তিনি নবজাতককে প্রবাসীর স্ত্রীর কাছে দিয়ে সেখান থেকে চলে যান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় ঘটেছে এমন ঘটনা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে শিশুটি গাড়াগঞ্জের মধুপর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুনের তত্ত্বাবধানে রয়েছে। সেদিন রাত ৮ টার দিকে তারা শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসায় শিশুটিকে সুস্থ পাওয়ায় তাকে আনোয়ারা খাতুনের কাছেই ফিরিয়ে দেওয়া হয়।

জানা যায়, দুপুরে প্রায় ৩০ বছর বয়সি ওই অজ্ঞাত নারীর প্রসব ব্যথা শুরু হলে সড়কের পাশেই শিশুটির জন্ম হয়। স্থানীয় নারীরা নবজাতক ও তার মাকে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে যান। বাড়িটির পরিবার স্বচ্ছল না হওয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আনোয়ারা খাতুন তাদের নিজের বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর নবজাতকের মায়ের কাছে ঠিকানা জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি। পরে তিন ছেলে সন্তানের জননী ওই নারী নবজাতককে প্রবাসীর স্ত্রীর কাছেই রেখে চলে যান।

ঘটনার বর্ণনায় আনোয়ারা খাতুন বলেন, নবজাতকের মা চিকিৎসা করাতে এসেছিলেন। এসময় প্রসব ব্যথা উঠলে রাস্তার পাশেই শিশুটির জন্ম হয়। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাদের আমার বাড়িতে এনে সেবাযত্ন করি। খবর ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় করতে থাকে। শিশুটির মায়ের কাছে বাবার পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, নবজাতকের বাবা দেশের বাইরে। কিন্তু বাড়ির ঠিকানা হিসেবে ভিন্ন ভিন্ন গ্রামের নাম বলতে থাকেন। পরিবারের কারও ফোন নম্বরও দেননি। নিজের নাম–ঠিকানাও জানাননি। এক পর্যায়ে আমি বলি, আপনি বাচ্চা নিতে না চাইলে আমাকে দিয়ে যান। তখন সন্তানকে দিয়ে তিনি বলেন— ‘আপনি আমার বড় বোনের মতো কাজ করলেন। আপনি আমার খুব উপকার করলেন। আমি মাঝেমধ্যে দেখতে আসবো।’

যদি ওই মা ভবিষ্যতে সন্তানের দাবি করেন—এমন প্রশ্নে আনোয়ারা খাতুন বলেন, ‘আমি নিজের সন্তানের মতো শিশুটিকে রাখবো। সে তো চলে গেছে। সন্তানের প্রয়োজন হলে এভাবে আমাকে দিয়ে যেত না।’

এ ঘটনায় স্থানীয়রাও বিস্মিত। মনিরুল ইসলাম নামের একজন বলেন, ‘ওই নারী হোমিওপ্যাথিক চিকিৎসক সুরাব হোসেনের দোকানে চিকিৎসা নিতে এসেছিল। আমরা ধারণা করছি, নবজাতকের মা সুরাব ডাক্তারের পরিচিত কেউ।’ 

তবে হোমিও চিকিৎসক সুরাব বলেন, ‘আমার দোকানের পাশেই শিশুটি জন্ম নেয়। খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি দেখি। আমি ওই নারীকে চিনি না।’

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। শিশুটির ওজন দুই কেজি ৮০০ গ্রাম। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করার প্রয়োজন হয়নি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘খবরটি আপনার মাধ্যমে প্রথম শুনলাম। আমি খোঁজখবর নিচ্ছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

আরও পড়ুন

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম