Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

Advertisement

আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম রয়েছে। সেই পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। তাহলে কিভাবে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? বরং আমরা সেই অতীত প্রেমের ইতিহাস, চিঠি লেখার ইতিহাস ভুলে যাইনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রশ্নে মিয়া গোলাম পরওয়ার নীরব ভূমিকা পালন করছেন। তারা বলেন- এক ফ্যাসিবাদকে হটিয়েছি, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হচ্ছে। হচ্ছে মানে কী? বরং এই সরকার গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। জামায়াতে ইসলামী ও এনসিপি সভা-সমাবেশ করছে। অযৌক্তিক লংমার্চ করছে, কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে ফেলে কিভাবে বাংলাদেশপন্থি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করেনি। বরং ওই সময়ে নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী হাত মিলিয়ে নির্বাচন ব্যাহত করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই, যা তারা করেনি।

তিনি অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে। নির্বাচন যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, যে দল অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, সেই দল কী করে এবার ৭৭টি আসন পেল? এই প্রশ্ন তো মানুষের।

রাশেদ খান আরও বলেন, মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, আদতে কি নাহিদ ইসলাম নির্বাচনে পাশ করেছিলেন? আদতে কি জামায়াতের আমির নির্বাচনে পাশ করেছিলেন? এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছি। এটি নিয়ে মানুষের এক ধরনের মতপার্থক্য রয়েছে।

তিনি দাবি করেন, মানুষ বিশ্বাস করে না জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম জনগণের ভোটে পাশ করে জাতীয় সংসদে গেছেন। বরং মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গাটা রয়েছে যে, জামায়াত ও এনসিপিকে একটি বৃহৎ বিরোধী দল বানানোর জন্য ইন্টারিম সরকারের এক ধরনের মেকানিজম ছিল।

এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ স্থানীয় নেতারা রাশেদ খানের সঙ্গে ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম