Logo
Logo
×
   

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে তার পোস্টার ও সিএনজিচালিত অটোরিকশার পেছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার করছেন। তার এই কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হল।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি সম্পর্কে শুনেছি। আমরা নির্বাচনি কোনো পোস্টার লাগাইনি। যে সমস্ত পোস্টার অটোরিকশার পেছনে রয়েছে সেগুলো নির্বাচনের অনেক আগের। পোস্টারগুলোর কোথাও বলা নাই ১২ তারিখে ধানের শীষে ভোট দিন। ১৫ তারিখে সশরীরে হাজির হয়ে আদালতের কাছে ব্যাখ্যা প্রদান করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .