Logo
Logo
×
   

সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে ভৈরবে চলে যান। বিষয়টি হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে। 

হাটিখাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল বিঘ্ন ঘটলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .