Logo
Logo
×

সারাদেশ

নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ২

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ছবি: যুগান্তর

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। 

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘন্টায় চেষ্টায় রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে।  

নিহত শ্রমিক আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাইরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় ঢাকার আশুলিয়ার কামরুন নাহারের মালিকানাধীন ‘ম্যাক ফেয়ার কোল্ড স্টোরেজ’ নামে একটি হিমাগারের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা ৭টার দিকে ঢালাই চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে ভবনের পলেস্তারা ও বিম সরিয়ে শ্রমিক আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।  

আহত শ্রমিক জয়পুরহাটের কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত তসলিম মন্ডলের ছেলে সাহাজুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বেলাল হোসেন (২৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলামের প্রাথমিক ধারণা, হিমাগার কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে। 

লাশ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি। দায় এড়াতে তারা সবাই আত্মগোপন করেছেন।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, পরিবারের সদস্যরা এলে নিহত শ্রমিক আমিনুল ইসলামের লাশ হস্তান্তর করা হবে। তারা মামলা দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম