অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী–স্ত্রীর
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ জালাল উদ্দিনসহ তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও যাত্রীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছি সড়কের খৈচালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন (৭১) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬২)।
আহতরা হলেন— একই এলাকার অটোরিকশাভ্যান চালক চুবানদি প্রামানিকের ছেলে মগরিব আলী (৪৫), আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), নুর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ (৩৭) এবং আরও একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রীর মৃত্যু হয়। হতাহতরা উত্তরবঙ্গ মহাসড়কের ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ওই অটোরিকশাভ্যান যোগে নিমগাছি যাচ্ছিলেন।
আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে।
