শেরপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
শনিবার রাতের শিলাবৃষ্টিতে উপজেলাগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতির শঙ্কায় পড়েছেন ধান ও ভুট্টা চাষিরা। এছাড়াও শাক-সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া ব্যাপক শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয়।
ঝিনাইগাতী উপজেলার স্থানীয় কৃষকরা জানায়, অল্প পরিশ্রম, কম খরচ এবং লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছিলেন কৃষকরা। সরকারি প্রণোদনা ও সহযোগিতায় প্রতি বছরই বাড়ছিল ভুট্টা চাষ।
তবে শনিবার রাতের শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ভুট্টার গাছ ভেঙে মাটিতে শুয়ে পড়েছে। অপরিপক্ব ভুট্টা পচে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চাষি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিলেন। ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় প্রান্তিক ভুট্টা চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় মোট ৩৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। দিন দিন ভূ-গর্ভস্থ পানির স্তর কমতে থাকায় কৃষি বিভাগ থেকে কৃষকদের কম পানিতে রবিশষ্য চাষের জন্য উদ্বুদ্ধ করা হতো। এছাড়া কৃষি উপকরণ বিতরণ করা হতো।
ধানের চেয়ে ভুট্টার চাষ লাভজনক। ফলে বন্যা পরবর্তী সময়ে অল্প পরিশ্রম ও খরচে লাভ বেশি হওয়ায় গত কয়েক বছর ধরে ভুট্টা চাষ করে আসছিলেন চাষিরা।
জানা যায়, শিলাবৃষ্টির কারণে প্রতি বিঘা জমিতে ৩০-৩৫ হাজার টাকার ভুট্টা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন। এদিকে ভুট্টা ক্ষেত ছাড়াও বিভিন্ন সবজির বাগানসহ আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।-69b6bd1131136.jpg)
ঝিনাইগাতী সদর উপজেলার প্রতাবনগর গ্রামের কৃষক রাজিবুল ইসলাম রাজিব বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ৫ একর জমিতে ভুট্টা আবাদ করেছিলাম। শিলাবৃষ্টি আর ঝড়ে ক্ষেতের অধিকাংশ ভুট্টা গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে। এখন ঋণের কিস্তি পরিশোধ করব কিভাবে?
নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্গাচাষিরা। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা না পেলে পথে বসতে হবে।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, উপজেলার প্রায় ১০ হেক্টর জমির ভুট্টা ক্ষতি হয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরে ব্যবস্থা নেওয়া হবে।
