হেলমেট বাহিনীর হামলার শিকার তিন যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগর উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে হেলমেট বাহিনীর হামলার শিকার হওয়া তিন যুবদল নেতাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ, আনোয়ার হোসেন ও আবু রায়হানকে এ উপহার দেওয়া হয়।
এছাড়া ২০১০ সালে বিএনপির কর্মসূচি পালনকালে নিহত যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রওশন উল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন মধু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমুখ।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২৩ সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এ সময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুত্বর আহত করে।
এছাড়া ওই বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌঁছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই বছরের ২৩ অক্টোবর রাত ৮টার দিকে যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।
