ট্রেনের ধাক্কায় এলজিইডি কর্মচারী নিহত
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
নিহত এলজিইডি কর্মচারী শফিকুর রহমান শফি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার কুমারখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত নৈশপ্রহরী শফিকুর রহমান শফি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে কুমারখালী রেলওয়ে স্টেশনের পূর্বদিকে এ ঘটনা ঘটে।
নিহত শফি কুমারখালীর সদকী ইউনিয়নের ঘাসখাল রামকৃষ্ণপুর গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। তিনি কুমারখালী এলজিইডি অফিসে নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।
জানা যায়, কুমারখালী রেলওয়ে স্টেশনের পূর্বদিকে কোনো গেট বা গেটম্যান না থাকায় শফিকুর রহমান শফি মোটরসাইকেলে করে রেল ক্রসের চেষ্টা করলে দ্রুতগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন। এ সময় তার পায়ের গোড়ালির রগ কেটে গেলে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা প্রকৌশলী নাজমুল হক জানান, শফিকুর রহমান শফি অফিসের বিদ্যুৎ বিল দিতে গিয়ে ট্রেন দুর্ঘনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

