Logo
Logo
×
   

সারাদেশ

দোকানে মিলল ৩৯৬২ লিটার জালানি তেল, খোলাবাজারে বিক্রি

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

দোকানে মিলল ৩৯৬২ লিটার জালানি তেল, খোলাবাজারে বিক্রি

পাবনার সুজানগর উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সুজানগর পৌর বাজার  ও উপজেলার নুরুদ্দিনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ।

অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা এবং দোকানে অবৈধভাবে ডিজেল ও পেট্রল মজুত রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মো. জোনাব আলীকে দুই হাজার টাকা এবং উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুরের মামুন মৃধাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাতে সুজানগর পৌর শহরের জোনাব আলীর দোকানে অভিযান চলাকালে দোকানটি থেকে ২ হাজার ২৫৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। 

এর আগে উপজেলার নুরুদ্দিনপুর বাজার থেকে জব্দকৃত ১ হাজার ৬৬২ লিটার ডিজেল ও ৪৫ লিটার পেট্রল সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রয় করা হয়।

ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ শুক্রবার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকারী আদালত কর্তৃক বিক্রির সর্বমোট ৩ লাখ ৯৬ হাজার ২২০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .