মন্ত্রীর গাড়িবহর আটকে বিক্ষোভ, পায়ে পড়লেন নারীরা
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করলেন স্থানীয় নারীরা।
সোমবার বিকাল ৬টায় উপজেলার ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের টুকেরগাঁও জোড়া ব্রিজসংলগ্ন ভাঙারপাড়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনে গেলে এ ঘটনায় ঘটে। এ সময় মন্ত্রী মনে করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের পায়ে পড়েন তারা।
বিক্ষোভকারী উপজেলার টুকেরগাঁও গ্রামের সজনা বেগম, আফতেরা, আমিরুন নেছা, হাসনা বেগম, নবীনা, নাঈমা আক্তার ও আয়েশা বেগম যুগান্তরকে জানান, দীর্ঘদিন ধরে খাসজমিতে বসতবাড়ি করে আমরা বসবাস করছি। অনেকদিন ধরে শুনতেছি আমাদের ফসলি জমি ও বিভিন্ন বাড়িঘর ভেঙে মহাসড়কে পূর্ব পাশে ট্রাক টার্মিনাল ও মাদ্রাসার জন্য প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। গতকাল রোববার বিকেলে এখানে এসে সরকারের পক্ষ থেকে লাল নিশান লাগানো হয়। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। এখান থেকে উচ্ছেদ করলে আমরা যাব কোথায়?
তাৎক্ষণিকভাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জনগণের কথা শুনে এখানের প্রস্তাবনা বাতিল ঘোষণা করা হবে বলে আশ্বস্ত করেন। এ সময় নারীরা আবেগাপ্লুত কণ্ঠে মন্ত্রীর জন্য জয়ধ্বনি দেন ও দোয়া করেন।
পরে মন্ত্রী গাড়ির মাথায় উঠে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান।
এর আগে মন্ত্রী বিকাল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় সরবি খাল হইতে কাটাগাং পর্যন্ত ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং তেলিখাল ইউনিয়নে স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
