Logo
Logo
×
   

সারাদেশ

চুম্বক লাগিয়ে অভিনব কায়দায় গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

চুম্বক লাগিয়ে অভিনব কায়দায় গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

ফতুল্লায় একটি ডাইং কারখানায় চুম্বক দিয়ে মিটারের পালস বন্ধ রেখে প্রতি ঘন্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় চুম্বক দিয়ে মিটারের পালস বন্ধ রেখে প্রতি ঘন্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রোববার (২৬ এপ্রিল) ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের ডাইং কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, ওই কারখানার তালাবদ্ধ আরএমএস রুমের দরজার ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে। যার ফলে মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলে। এ ছাড়া ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়। এতে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে। 

অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

দুই ডাইংকে জরিমানা 

একই দিন বায়ু দূষণের অভিযোগে ফতুল্লার সস্তাপুর এলাকায় জসিম উদ্দিন নীট কম্পোজিটকে এক লাখ ও কাঠেরপুল এলাকায় এসআর নীট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। অভিযানে সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও র‌্যাব-১১।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম