Logo
Logo
×

সারাদেশ

ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:০৩ পিএম

ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

চাঁদনী আক্তার খাদিজা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় সাকিব শেখ গ্রেফতার।

নড়াইল সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২৪) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাকিব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাতে কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার খুলনার ফুলতলা থেকে সাকিব ও তার স্ত্রী চাঁদনী কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলতো।

মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার প্রথমে দাবি করে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আলামত ও সাকিবের কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম