Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

Icon

‎মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

‎‎চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক সমাজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরসহ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় একসঙ্গে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমার দেশের সাংবাদিক তারেক রহমান প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ সেই স্বৈরাচারের পুলিশই থেকে গেছে। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব সন্ত্রাসী পুলিশের সোর্স হওয়ায় তাদের গ্রেফতার করেছে না বলে সাংবাদিকরা অভিযোগ করেন।

‎বক্তারা আরও বলেন, ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি ও তার সহযোগী জিনজিরা সোহেল পুলিশের সোর্স পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না। পুলিশ আইওয়াশ করার জন্য ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কয়েকজনকে গ্রেফতার করে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে।

‎৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সাংবাদিক নেতারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

‎প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাতে শহরের বাতেন খাঁ মোড়ের একটি চায়ের দোকানে চা-পানরত অবস্থায় চ্যানেল ওয়ান ও আমার দেশের সাংবাদিক তারেক রহমান ও মাই টিভির সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম