সীমান্তে ভারতীয় চোরাকারবারি, বিজিবির ফাঁকা গুলি
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
জানা গেছে, উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তের ৮০৬ মেইন পিলারের কাছ দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় একটি চোরাকারবারির দল কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের গিড়িয়ারপাড় গ্রামে প্রবেশের চেষ্টা চালায়।
এ সময় রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা ওই সীমান্তে নিয়মিত টহলে দিচ্ছিল। পরে বিজিবির টহল দলের সদস্যরা চোরাকারবারি দলকে দেখতে পেয়ে তাদের সতর্ক করে ও প্রবেশের বাধা দেয়। এ সময় ওই চোরাকারবারির দলটি সতর্কবার্তা অমান্য করে বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। এ সময় গুলির শব্দে ভারতীয় চোরাকারবারিরা দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ভারতীয় চোরাকারবারিরা তাদের সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা চোরাকারবারির উপস্থিতি টের পায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারিদেরকে সতর্কবার্তা দেয়। এতে তারা কর্ণপাত না করে বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের ফাঁকা গুলি ছোড়ে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে বলে তিনি জানান।
