বাজিতে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথা উপজেলায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার কামাইদিয়া গ্রাম এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ইমারত মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
