Logo
Logo
×
   

সারাদেশ

৬ ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, গ্রেফতার ৬

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

৬ ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, গ্রেফতার ৬

সাদুল্লাপুর থানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইসমিলের পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি ঘোড়া জবাই করার অভিযোগ উঠেছে। এসব গোশত পাচারের চেষ্টায় জড়িত ছয়জনকে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেছেন।

এ সময় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

শুক্রবার (১২ জুন) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়।

স্থানীয়রা জানান, খোর্দ্দ রসুলপুরের মোংলা বন্দরের মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করে। এসব ঘোড়ার মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে করে পাচারের করার চেষ্টা করছিলেন। ঘটনাটি টের পেয়ে জড়িতদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এছাড়া বিক্ষুব্ধ জনগণ চাতালের টিনের বেড়া ভাঙচুর করেছে। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে জনতার উত্তেজিত পরিস্থিতি শান্ত করে। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, ওসি একেএম হাবিবুর রহমান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরিস্থিতি শান্ত করার পর ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .