অপহরণের চেষ্টা, বুদ্ধির জোরে রক্ষা পেল শিশুকন্যা
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
বুদ্ধির জোরে রক্ষা পাওয়া ইভা।
|
ফলো করুন |
|
|---|---|
বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে নারী ও শিশু পাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ বছরের এক শিশুকন্যা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল থেকে কৌশলে ইভাকে (৯) তুলে এনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় নিয়ে আসা হয়। তবে শেষপর্যন্ত সে নিজেই পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে সক্ষম হয়।
ইভা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইভা। পথে ধর্মমণ্ডল বাজার এলাকায় এক নারী তাকে নানা বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে প্রলোভন দেখায়। পরে কৌশলে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয়। গাড়িতে ওঠার পর ইভা নামতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে তাকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। এ সময় ইভা বুঝতে পারে যে তাকে প্রতারণার মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সুযোগ বুঝে সে গাড়ি থেকে নেমে দৌড়ে নোয়াপাড়া বাজারে তার নানার দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
ইভার নানা কাপড় ব্যবসায়ী কালা মিয়া বলেন, নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে একটি চক্র শিশুটিকে কৌশলে তুলে এনেছিল। ইভা এলাকায় পরিচিত হওয়ায় দৌড়ে আমার দোকানে চলে আসে। তার উপস্থিত বুদ্ধির কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে সে।
