মহাদেবপুরে বৃদ্ধকে গলাটিপে হত্যা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে গলাটিপে হত্যা করেছে এক ব্যক্তি।
নিহতের নাম আব্দুল জব্বার (৬৫)। তিনি উপজেলার মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জব্বারের সঙ্গে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আব্দুল জব্বারের বাড়ির থেকে পানি চপলের খোলার দিকে গড়িয়ে যাচ্ছিল। এ পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

