ফতুল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
ইন্নু মিয়া অভিযোগ করে জানান, এলাকার একটি মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। এ সংগঠনে অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছেন। তার দাবি, কাউছার তার সংগঠনের লোকজন দিয়ে এলাকার অনেক যুবককে ধরে এনে নির্যাতন করেন।
তিনি আরও জানান, শনিবার রাত ৮টার দিকে তার ছেলে সিজানকে বাসা থেকে কাউছারের নেতৃত্বে অন্তত ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক ধরে নিয়ে যায়। পরে মাসদাইর মোড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। তার ডান পায়ে পাইপ দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে তিনি নিথর হয়ে পড়লে কাউছার খুঁটি থেকে তার হাতের বাঁধন খুলে দিয়ে আমাকে বলেন, চিকিৎসা করান। পরে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মসজিদের ইমাম কাউছার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাকে বাসা থেকে আনা হয়েছিল বোঝানোর জন্য, যেন সে খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে গণপিটুনি দেয়। যারা পিটিয়েছে, তারা আমার কেউ নয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা হবে।
