Logo
Logo
×
   

সারাদেশ

ক্যানসারের চিকিৎসা করতে গিয়ে সব শেষ, বাঁচতে চান তাপস

Icon

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

ক্যানসারের চিকিৎসা করতে গিয়ে সব শেষ, বাঁচতে চান তাপস

তাপস

দীর্ঘদিন ধরে মুখে ক্যানসার রোগে আক্রান্ত সৈয়দপুরের তাপস। এ রোগ থেকে সুস্থ হতে ভিটেমাটি সব বিক্রি করেছেন তিনি। বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন তিনি। দেশবাসীর সাহায্য পেলে সুচিকিৎসা করে সুস্থ দেহে বাঁচতে চান তাপস।

জানা যায়, তাপস চন্দ্র বিশ্বাস (৩৯) চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে। সেখানে অস্থায়ী কর্মচারী ছিলেন তিনি। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে পথে বসেছেন তিনি। তার রোগের নাম ন্যাসোফেনজিয়াল। ওই রোগে তিন বছর ধরে ভুগছেন তাপস। সহায়-সম্বল বেচে এ যাবত ১৩ লাখ টাকা খরচ করেছেন। আরও প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাপসের।

তাপসের বাড়ি সৈয়দপুর শহরের পুলিশ লাইনস বাঁশবাড়ি সাদ্দাম মোড় এলাকায়। তিন বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে ক্যানসার রোগ ধরা পড়ে তার। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়; কিন্তু পিজি হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নষ্ট থাকায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তাপস ওই হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুরা জুকরুপ মমতাহেনার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন; কিন্তু অর্থাভাবে চিকিৎসা বন্ধ।

অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়ায় তাপসের কণ্ঠ থেকে কথা বের হচ্ছিল না। শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তার স্ত্রী রঞ্জিতা রাণী জানান, ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে আমরা সর্বস্বান্ত হয়েছি। ইতোমধ্যে চাকরি হারিয়েছে তাপস। আমিও একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতাম। অসুস্থ স্বামীর সেবায় তা ছেড়ে দিয়েছি। আমাদের একটিমাত্র ছেলেসন্তান ৩য় শ্রেণিতে পড়ে। তিনি তার স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।

সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, ২০২৫ সালে তাপসের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। অল্প দিনের মধ্যে আরও কিছু দেওয়া হবে বলে জানান তিনি।

১২নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল খালেক সাবু বলেন, বর্তমানে আমি ক্ষমতাচ্যুত কাউন্সিলর। এরপরেও তাপসের চিকিৎসার জন্য কিছু একটা করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমা জানান, তাপস তার চিকিৎসার জন্য আবেদন করলে অবশ্যই সাহায্য করা হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .