লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
|
ফলো করুন |
|
|---|---|
গত বছরের মতো এ বছরও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে কৃষক আলমগীর হোসেন তার জমিতে গিয়ে দেখেন- রাতের আঁধারে কে বা কারা সব লাউগাছের গোড়া কেটে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন বলেন, সকালে জমিতে এসে দেখি আমার সব লাউগাছের গোড়া কাটা। একদিন পরপর ৪-৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। এখন আমার সব শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বছরও একই জমির লাউগাছ কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।
প্রতিবেশী আব্দুল মালেক বলেন, গত বছরও এই জমির লাউখেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা খেতের সব লাউগাছ কেটে দিয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির গণমাধ্যমে জানান, লাউখেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
