জুমার নামাজ শেষে হামলায় যুগান্তরের অফিস এক্সিকিউটিভসহ আহত ৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় দৈনিক যুগান্তরের অফিস এক্সিকিউটিভ তারেক আহমেদসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন- ইসমাইল হোসেনের ছেলে মশিউর রহমান এবং তার জামাতা রকিবুল ইসলাম। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, ইসমাইল হোসেনের কাছ থেকে তার চাচাতো ভাই রওশন, বিশারত ও নাসির চার শতক জমি কেনেন। পরে জমির কাগজপত্র ও পরিমাপ নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য ইসমাইল হোসেন আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন। এ বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ।
ভুক্তভোগীদের ভাষ্য- শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রওশন, আব্দুস সামাদ, রবিউল ইসলাম ও সাগরের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারেক আহমেদের ডান হাতের শাহাদাত আঙুল গুরুতর জখম হয়। এছাড়া মশিউর রহমান ও রকিবুল ইসলাম লাঠিসোটার আঘাতে আহত হন।
আহত তারেক আহমেদ জানান- প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দা মিরু হোসেনের বাড়িতে তারা আশ্রয় নেন। প্রতিপক্ষরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত তারেক আহমেদের বোন পলি খাতুন অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার পর হামলাকারীরা তাদের বাড়িতে গিয়ে গেট ও প্রাচীর ভাঙচুর করে। তারেক আহমেদের পক্ষে গাংনী থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
