Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন

ফাইল ছবি

Advertisement

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর (১৭) ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। কুপিয়ে জখম করা হয়েছে তার মা-বাবাকেও।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে মেহেরপুর শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।

আহত তরুণী ওই এলাকার ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত সায়ন (২৪) শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

আহতদের প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

তরুণীর বাবা সেলিম হোসেন জানান, তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। পথে বের হলে সায়ন তাকে প্রায়ই বিরক্ত করতেন। বিষয়টি মেয়ে তাকে জানালে তিনি সায়নের বাবার কাছে অভিযোগ করেন। এরপরও সায়ন তার মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে হুমকি দিয়ে আসছিলেন।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বাড়ির প্রাচীর টপকে আমার মেয়ের ঘরে ঢোকে সায়ন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের চিৎকারে তাৎক্ষণিক সবাই এগিয়ে গেলে ডাব কাটার ধারালো দা দিয়ে সায়ন আমাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে আমাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয় এবং থানায় খবর দেয়।

মেয়েটির মা রেবেকা খাতুন বলেন, মেয়ের চিৎকারে এগিয়ে গিয়ে দেখি দা'য়ের কোপে তার ডান হাত বিছিন্ন হয়ে মেঝেতে পড়ে আছে। মেয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে কাতরাচ্ছে। 

স্থানীয় প্রতিবেশী বরকত উল্লাহ তরু বলেছেন, গভীর রাতে চিৎকার শুনে এগিয়ে গেলে ওই বাড়ি থেকে এক যুবককে পালিয়ে যেতে দেখেন তারা। পরে ঘরে গিয়ে ওই তরুণীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার বিচ্ছিন্ন হাতটি মেঝেতে পড়ে ছিল। পাশেই পড়ে ছিল ডাব কাটার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা। এ সময় মেয়েটির বাবা-মাকেও রক্তাক্ত অবস্থায় দিগ্বিদিক ছুটতে দেখেন তারা।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হাসপাতালে আহতদের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে এবং হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এছাড়া সায়নকে শুক্রবার সকালে মল্লিকপাড়া আমবাগান থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম