নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যায় যুবক কারাগারে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
রবিউল সিকদার
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রবিউল সিকদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সদর উপজেলার একটি গ্রামে নিজ ঘরে ডেকে নিয়ে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ রবিউলের (৩০) বিরুদ্ধে। পরিবারের তোলা এ অভিযোগের পরপরই পুলিশের একাধিক টিম অভিযুক্ত রবিউলকে আটকে অভিযান শুরু করে। এরই মাঝে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা রবিউলকে আটক করে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, সোমবার রাতেই রবিউলকে একমাত্র আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। মঙ্গলবার দুপুরেই ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুপুরেই ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সোমবার রাতে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে নড়াইলের সাধারণ মানুষ। অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে রাতেই হাসপাতালে চত্বরে মানববন্ধন হয়। এরপর মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বিচারের দাবিতে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হয়। পরে রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসন গিয়ে পরিস্থিতি শান্ত করে।
