মন্ত্রীর উদ্যোগে দ্রুত দেশে ফিরছে প্রবাসী শামীমের লাশ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবাসী শামীম আহমদের মৃত্যু হয়েছে। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো জরুরিভিত্তিতে কার্যক্রম শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আগামী ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শামীম আহমদের লাশ ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নগরকান্দি গ্রামের আব্দুল মালিকের ছেলে শামীম আহমদ (৩৮) দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় কর্মরত ছিলেন। গত ২১ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার লাশ আল আইন শহরের একটি হাসপাতালের মর্গে রয়েছে।
লাশ দ্রুত দেশে আনার লক্ষ্যে তার চাচাতো ভাই সাংবাদিক মো. আহসান হাবীব প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির কাছে লিখিত আবেদন করেন। পরে মন্ত্রীর নির্দেশনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।
এদিকে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
আবেদনকারী সাংবাদিক মো. আহসান হাবীব বলেন, শামীম আহমদের মৃত্যুর পর পরিবারটি গভীর উদ্বেগে ছিল। সরকারের দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে লাশ দেশে পৌঁছবে বলে আশা করছেন।
