লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন করে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আত্মহত্যা করেছেন।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রায় (৩৪) ওই গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুলা রায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ মোবাইল ফোনে ফেসবুক লাইভে আসেন এবং ব্যক্তিগত জীবনের নানা হতাশার কথা তুলে ধরেন। একপর্যায়ে লাইভ চলাকালেই তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক কলহ এবং মানসিক অবসাদের কারণেই তিনি এ পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
