Logo
Logo
×
   

সারাদেশ

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০)। জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওয়ানা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগা লেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য উঠেন।

বিকাল সাড়ে ৫টার দিকে ১০ পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

রুমা থানার ওসি মানস বড়ুয়া  বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .