অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনায় ১২ ঘণ্টার অভিযানে অপহৃত এক স্কুলশিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেবকে (১৫) উদ্ধার করে।
এ সময় আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলো- পাবনা পৌর সদরের দিলালপুর কফিলউদ্দিন পাড়া মহল্লার মৃত ইমরান হোসেনের ছেলে আফনান আহম্মেদ আবির (২১), একই এলাকার লোকমান হোসেনের ছেলে রাকিব হাসান (১৯), শালগাড়িয়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে নাজমুস সাদাত নাফি (১৯), দিলালপুর ফায়ার সার্ভিসের পেছনের এলাকার উজ্জ্বল শেখের ছেলে বিশাল শেখ সাদ (২২) ও সুজানগরের আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সানজিদ হাসান সুপ্ত (১৯)।
ভুক্তভোগী শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা পৌর সদরের শিবরামপুর নারিকেল বাগান সড়ক এলাকার প্রলয় দাস রায়ের ছেলে। সে পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ জুলাই বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দ্রজিৎ। পরে বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।
ডায়েরির পর একইদিন ২৯ জুলাই ছেলের সন্ধান পেয়ে স্বজনরা ইন্দ্রজিৎ দাস রায় দেবকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনা পৌর সদরের দিলালপুর বেলতলা সড়কে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে ইন্দ্রজিৎ দাস রায় দেবকে অপহরণ করে। পরে অপহরণকারীরা স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় উদ্ধার ইন্দ্রজিৎ দাস রায় দেবের মা রিতা রাণী দাস রায় বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
