Logo
Logo
×
   

সারাদেশ

বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।   

এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় সংঘর্ষে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার ছেলে হাসান (৮)।

এ ছাড়া সংঘর্ষে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .