সৈয়দপুরে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম
সৈয়দপুরে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুলাই মাসের মধ্যবর্তী সময়ে বৃষ্টির অজুহাত দেখিয়ে কাঁচামরিচের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রায় কয়েক দিনের ব্যবধানে শহরের আধুনিক পৌর সবজি বাজার ও রেলওয়ে গেট বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪শ টাকা কেজি দরে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।
রোববার (২ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা গেছে এমনই দৃশ্য। বিশেষ করে উপজেলার ছোট ছোট খুচরা বাজারগুলোতে কাঁচামরিচের দামে ঘাম ছুটছে সর্বস্তরের মানুষের।
সকাল ১০টায় সওদা কিনতে আসা এমএ করিম মিস্টার নামের এক ক্রেতা জানান, সৈয়দপুরে জুলাই মাসে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়েছে কয়েকগুণ। জুলাই মাসে বৃষ্টির সময়েও কাঁচামরিচ বিক্রি হয়েছে ২শ টাকা কেজি দরে। কিন্তু বর্তমানে শুকনো মৌসুমে তা বিক্রি হচ্ছে ৪শ টাকায়।
আলী হোসেন নামের অপর এক ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দামই বেড়েছে কিন্তু কাঁচামরিচের দাম যেভাবে বেড়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে মরিচ কেনা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, কয়েক দিন আগে ১শ টাকায় হাফ কেজি কাঁচামরিচ কিনেছি; কিন্তু আজ ১শ টাকায় আড়াইশ গ্রাম কিনেছি।
তিনি বলেন, শুধু আমি কেন, দ্রব্যমূল্য লাগামহীন হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন-মধ্য ও মধ্যবিত্ত আয়ের ক্রেতাসাধারণ। কাঁচামরিচের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই শুকনা মরিচ গুঁড়ো ব্যবহার করছেন।
সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজারের বিক্রেতা আলী রেজা বলেন, জুলাই মাসে টানা বৃষ্টির কারণে খেতের মরিচ গাছ মরে গেছে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁচামরিচ চাষিরা। যেসব জমিতে বৃষ্টির পানি জমেনি, শুধু সেই সব জমির মরিচ সৈয়দপুরের বাজারে আমদানি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়েছে। তবে কয়েক দিনের মধ্যে দাম কমতে পারে বলে জানান তিনি।
