Logo
Logo
×
   

সারাদেশ

গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেনকে (জমাদ্দার) প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে রামগঞ্জ উপজেলা বিএনপি।

সোমবার (৩ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিরন হোসেনের (জমাদ্দার) বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্তের অনুলিপি জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সাংগঠনিক নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে প্রায় ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিরন হোসেনকে গাঁজা সেবনের প্রস্তুতি নিতে এবং ইয়াবা সেবন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার এক ভিডিও বার্তায় মিরন হোসেন নিজের অবস্থান ব্যাখ্যা করে দাবি করেন, ভিডিওটি সাম্প্রতিক নয়।

তার ভাষ্য অনুযায়ী- ২০২২ সালে আওয়ামী লীগের কয়েকজন লোক ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তাকে দিয়ে ওই ভিডিও ধারণ করিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যেই এখন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .