Logo
Logo
×
   

সারাদেশ

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ বোন

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ বোন

সাইয়িদা জান্নাত নাওমি ও সাইয়িদা জাহান নাওফি

এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী সাইয়িদা জান্নাত নাওমি ও সাইয়িদা জাহান নাওফি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তারা যমজ বোন।

একই বিদ্যালয় থেকে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে দুজনের এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে।

নাওমি ও নাওফি সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) জহুর আহমাদ সরকার নিক্সন ও উপজেলার সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মনিরা পারভীন দম্পতির কন্যা। তাদের বাড়ি সুজানগর পৌরসভার মানিকদীর এলাকায়।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় সাইয়িদা জান্নাত নাওমি ও সাইয়িদা জাহান নাওফি।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা।

নাওমি ও নাওফি বলেন, আমরা একই দিনে পৃথিবীতে এসেছি এবং একসঙ্গে বেড়ে উঠছি। একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুজনেই এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আমরা খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

তাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চায়। নিজেদের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তারা।

মা মনিরা পারভীন বলেন, অভিভাবকরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।

বাবা জহুর আহমাদ সরকার নিক্সন বলেন, আমার প্রত্যাশা, মেয়েরা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই।

সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আক্তার বলেন, নাওমি ও নাওফি পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণে প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তাদের এ অর্জনে আমরা শিক্ষকরা গর্বিত। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আশা করি।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .