Logo
Logo
×
   

সারাদেশ

মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন মা তাছলিমা আক্তার।

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে। 

উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

সন্তানকে হারিয়ে মা তাছলিমা আক্তার এখন পাগলপ্রায়। সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তিনি। এ নিয়ে এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা। ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আল-আমিনের স্ত্রী। ছয় মেয়ে ও দুই ছেলের সংসারে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।

তাছলিমার অভিযোগ, গত ১৮ জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি। পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখতে পান, তার কোলের সন্তান আর নেই।

কান্নায় ভেঙে পড়ে তাছলিমা আক্তার বলেন, আমি কোনো টাকা-পয়সা চাই না। আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন। তার অভিযোগ, শিশুটির খালা চক্রান্ত করে তাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।    

অভিযোগ অস্বীকার করে খালা ছেনোয়ারা বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছলিমার মামা বাবুল মিয়া বিষয়টি জানেন।

অভিযুক্ত বাবুল মিয়া বলেন, তিনি শুধু একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। শিশুটিকে কারা নিয়ে গেছে বা বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। শিশুটির বাবা আল-আমিন বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাবা আল-আমিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, শিশুটি বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। শিশুটিকে উদ্ধারে আইনগত ব্যবস্থা চল্মান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .