চোখ বেঁধে পুশইন, দুই নারীসহ আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
দুই নারীসহ আটক ৩
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের চোখ বেঁধে পুশইন করা হয় বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইল সদর উপজেলা ও খুলনা জেলায়।
স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ৬নং আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় বিএসএফ ওই ৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে রাখে।
খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং ৭নং ওয়ার্ডের দলনেতা জায়েদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। পরে পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকাল সোয়া ৯টায় তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেট সীমান্ত দিয়ে তারা ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে বকসি টিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, আটককৃতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি নাগরিক। কাজের তাগিদে কয়েক মাস আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ইতোমধ্যেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
