Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় সীমানা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

কুমিল্লায় সীমানা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

ফাইল ছবি

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালাগালি করছিলেন। এ সময় তার জেঠা স্বাধীন ভূঁইয়া এর কারণ জানতে চাইলে একই গ্রামের হারুন মিয়া, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার হোসেন, মজিবুর রহমান, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

রাকিবের দাবি, হামলাকারীরা তার জেঠা স্বাধীন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তার বাবা ইউসুফ ভূঁইয়া এগিয়ে যান। এ সময় তাকে হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একই ঘটনায় তার জেঠাকেও পিটিয়ে রক্তাক্ত ও আহত করা হয়। 

পরে ইউসুফ ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিব হোসেন বলেন, আমরা আমার বাবার হত্যার বিচার চাই।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম