মদনে দুই ট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
পুলিশ চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় এবং দুই চালককে আটক করে।
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে কালোবাজারে পাচারের সময় দুটি হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় হ্যান্ডট্রলির দুই চালককে আটক করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এসব চাল জব্দ ও দুই চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।
জানা গেছে, গত কয়েক দিন ধরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ওএমএসের চাল বিতরণ করা হচ্ছে। এসব চাল সুবিধাভোগীরা বাড়িতে না নিয়ে স্বল্পমূল্যে বিক্রি করে দেন। পরে একটি পক্ষ এসব চাল সংগ্রহ করে শুক্রবার সকালে দুটি হ্যান্ডট্রলিতে করে নেত্রকোনা উপজেলা সদরের দিকে নিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী চালগুলো আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় এবং দুই চালককে আটক করে।
স্থানীয়রা বলেন, এসব চাল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি সুবিধাভোগীরা কেন এসব চাল না খেয়ে বিক্রি করে দেন, সেটিও খতিয়ে দেখা দরকার।
এ বিষয়ে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম জানান, সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় হ্যান্ডট্রলি দুটিতে প্রায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
ওসি আরও বলেন, চাল, দুটি হ্যান্ডট্রলি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে থানায় ঠিক কী পরিমাণ চাল রয়েছে, তা সঠিকভাবে পরিমাপ করে নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, পুলিশ সরকারি চাল জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

-6a9b05937b90f.jpg)