মাদক কারবারিকে ছাড়াতে থানায় এলে তাকেও আসামি করার নির্দেশ হুমাম কাদেরের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, কোনো মাদক কারবারিকে ছাড়াতে কেউ থানায় এলে তাকেও একই মামলায় আসামি করতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান ও রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাফায়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ওসি মো. জহির উদ্দিন। সভায় রাজনৈতিক ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
