পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলী (৬০) হত্যা মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে তাকে আটঘরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ইরাদুল ইসলাম (৫৫) আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুলের ছেলে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা নামক স্থানে প্রকাশ্যে বিএনপি নেতা আদম আলী মেম্বারকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আদম আলী ওই উপজেলার একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহত আদম আলী একই উপজেলার ষাটগাছা গ্রামের স্বামী পরিত্যক্তা তমা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে। আদম আলীকে হত্যার পর রাতেই তার ছেলে বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার একদন্ত হাট থেকে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে চন্ডিপাশা গ্রামে পৌঁছলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত আদম আলীকে গুলি করে এবং পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, কী কারণে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে চরমপন্থি কানেকশন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
