সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে কদমরসুল কাঁচাবাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে মোট ৪০টি ছোট-বড় দোকান পুড়ে গেছে। এর মধ্যে ফার্নিচারের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান, সেলুন, দুটি ফার্মেসি ও চায়ের দোকান রয়েছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।
ফার্নিচার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, দোকানে তিনটি বিয়ের অনুষ্ঠানের জন্য অর্ডার করা ফার্নিচার ছিল। এক-দুই দিনের মধ্যে সেগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল। আগুনে সব ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতগুলো ফার্নিচারের ক্ষতিপূরণ কীভাবে দেব, বুঝে উঠতে পারছি না।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

-6aa175bd181c1.jpg)