জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ
চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
|
ফলো করুন |
|
|---|---|
জলমহালের নিয়ন্ত্রণ ও মাছ ধরাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের হাতে চাইনিজ কুড়াল থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় বিলমাকসা জলমহালের নিয়ন্ত্রণ ও মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের সময় ধারণ করা একটি ভিডিওতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে হাতে চাইনিজ কুড়াল নিয়ে ঘটনাস্থলে দেখা যায়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে কুড়াল হাতে থাকার বিষয়টি অস্বীকার করেননি সৈয়দ তাওকির। তিনি বলেন, সংঘর্ষ থামানোর জন্য অন্য একজনের হাত থেকে কুড়ালটি কেড়ে নিয়েছিলেন। কাউকে আঘাত করার উদ্দেশ্যে তিনি কুড়ালটি হাতে নেননি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, বিষয়টি এখনো জানা নেই। বিষয়টি জেনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জলমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সৈয়দ তাওকিরের বাবা ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে শোকজ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
