পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পালিয়ে যাওয়া সংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) কোনো প্রকার সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটি গত ১৭ বছরের অপকর্মের কারণেই নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতা চালানোর কোনো সুযোগ নেই। এরপরও বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্মের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদের অনুধাবন করতে হবে যে মাত্র ছয় মাসে সরকারের পক্ষে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বিরোধী দলের কথায় কথায় মিছিল, মিটিং, লংমার্চ কিংবা রোডমার্চ করার মানসিকতা কতটা মানানসই?
নির্বাচনি প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নির্বাচনের আগে উনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে, তারা আল্লাহর দল এবং তারা জান্নাত দিতে পারবে। এমন বক্তব্য দিয়ে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ইমান ও আকাইদের বিষয় এবং তা মহান আল্লাহর হুকুমের অধীন।
পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।
