তথ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা
Advertisement
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি সুবিধা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণে যেকোনো ধরনের অনিয়ম ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী জানান, নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়া হলে বা কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নান্দাইল থেকে ফ্যামিলি কার্ডের জন্য টাকা নেওয়ার কোনো অভিযোগ পাওয়ামাত্রই দায়িত্বপ্রাপ্ত বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হলো।
তবে নান্দাইলের সুনাম ও সততার প্রতি আস্থার কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, স্থানীয় কেউ এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বেন না। এ সময় সাধারণ মানুষের সেবায় সর্বদা নিবেদিত থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রতিমন্ত্রীর এই কঠোর বার্তা প্রকাশের পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রতিমন্ত্রীর এই প্রত্যক্ষ নজরদারির ফলে প্রকৃত অসচ্ছল ব্যক্তিরাই সরকারি সুবিধা পাবেন এবং অনিয়মকারীদের অপচেষ্টা নস্যাৎ হবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, তথ্য প্রতিমন্ত্রী একজন অত্যন্ত দায়িত্বশীল ও জনবান্ধব নেতা। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তার নীতি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)। তার নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না—এ কথা তিনি শুরু থেকেই স্পষ্ট করে আসছেন।
