ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে দীর্ঘ ১১ বছর পর শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। জেলার কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় রোববার (৪ অক্টোবর) সকালে সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজনে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নিচ্ছেন। প্রকৃতির মাঝে তাঁবু বাসের পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, নানা কারণে দীর্ঘদিন জাতীয় গাইড ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। ১১ বছর পর গাজীপুরে এ ধরনের আয়োজন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ক্যাম্পে সারাদেশের গার্ল গাইড, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনার, শিক্ষক এবং অভিভাবকেরা অংশ নিয়েছেন। আগামী সাত দিনে তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করবেন।
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক গার্ল গাইডদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, গাজীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গার্ল গাইডরা নেতৃত্ব দেবে—এটাই তার প্রত্যাশা। পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়তে গার্ল গাইডদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ জাতীয় ক্যাম্পের মূল লক্ষ্য।

